বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি মাঠে তোতা মিয়া (৫৮) নামে এক অটোভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) সকালে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তার অটোভ্যানটি পাওয়া যায়নি।
পুলিশের ধারণা, পূর্ব কোনও শত্রুতা বা ভ্যান ছিনিয়ে নিতেই তোতা মিয়াকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।
বগুড়া সদর থানার ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে জানান, সদর উপজেলার পলাশবাড়ি গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে তোতা মিয়া অটো রিকশাভ্যান চালিয়ে সংসার চালান। প্রতিদিনের মত মঙ্গলবার বিকাল ৫টার দিকে তিনি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি।
বুধবার সকাল ৬টার দিকে শাখারিয়া ইউনিয়ন কার্যালয়ের কাছে গোপালবাড়ি মাঠে রাস্তার সামনে তোতা মিয়ার গলাকাটা লাশ পাওয়া যায়। পরে লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরোও জানান, তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্ব কোনও শত্রুতার জের ধরে বা ছিনতাইকারীরা ভ্যান ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করেছে।
/এআর/








