অস্ত্র মামলায় জেএমবি’র এক সদস্যেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩১ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক ও অতিরিক্ত দায়রা জজ জিয়াউর রহমান এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্য চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর বকরিপাড়া গ্রামের দুরুল হোদার ছেলে সেলিম ওরফে হারুন মিস্ত্রি।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০০৯ সালের ৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল সেলিমের বাড়িতে অভিযান চালিয়ে ১টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৯ রাউন্ড গুলিসহ তাকে আটক করে। এ ঘটনায় সদর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহীন আকন্দ গত ২০০৯ সালের ৬ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন।
পরে সাক্ষ্য প্রমাণাদি শেষে সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান অস্ত্র আইনের ১৯(এ) ধারায় দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
/বিএল/








