অতি বৃষ্টিতে রেললাইনের মাটি দেবে যাওয়ায় রবিবার (২২ অক্টোবর) সকালে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে রেললাইন মেরামত শেষে দুই ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়।
পাবনার চাটমোহরের গুয়াখড়া রেলওয়ে স্টেশনের অদূরে চাদাখাড়া নামক স্থানে মাটি দেবে যায়। এ কারণে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এসময় রংপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেন চাটমোহর স্টেশনে আটকা পড়ে।
চাটমোহর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার জহুরুল ইসলাম বলেন, ‘রবিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। রেল যোগাযোগ ঝুঁকিপূর্ণ হওয়ায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়। তবে মেরামত কাজ শেষে রেল চলাচল স্বাভাবিক হয়।’








