বগুড়া শহরতলির মাটিডালি বিমান মোড় এলাকায় মিরাজ এনসি কালার হাউজ নামে এক রঙের দোকানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তারা ওই দোকান ভাঙচুর করে ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের মালিক আনোয়ার হোসেন সদর থানায় অভিযোগ করেছেন। এসআই জাহিদ জানান, তদন্ত চলছে, সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়া শহরের বৃন্দাবনপাড়ার ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, তিনি মাটিডালি এলাকায় সদর উপজেলা পরিষদের সামনে একটি দোকান ভাড়া নিয়ে গত ৮ বছর ধরে মিরাজ এনসি কালাম হাউজ নামে মেশিনারি ও রঙের ব্যবসা করে আসছেন। দোকান মালিকের সঙ্গে বিরোধের জের ধরে শহরতলির বাবপুর এলাকার ইসাহাক আলীর ছেলে আমিনুল ইসলাম ও তার ১০/১২ জন সঙ্গি শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোকানে আসেন। তারা অকথ্য ভাষায় গালিগালাজের পর দোকান ভাঙচুর করে। বাধা দিলে তারা তাকে মারধরের পর নগদ ২০ হাজার টাকা ও ১০ লক্ষাধিক টাকা মূল্যের বিদেশি রঙসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। তিনি এ ব্যাপারে রাতেই সদর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান।
তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই জাহিদ রবিবার বিকালে জানান, প্রাথমিকভাবে দোকানে ভাঙচুরের সত্যতা পাওয়া গেছে। মালামাল লুটের ব্যাপারে তদন্ত চলছে। সত্যতা পেলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।







