নাটোরে ৫৮টি পরিবারের মধ্যে ৪ লাখ ৫২ হাজার টাকার আর্থিক সহায়তা করেছে জেলা ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে শহরের মাদ্রাসামোড় এলাকায় সমিতির কার্যালয়ে এই টাকা দেওয়া হয়। নাটোর সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল এই টাকা তুলে দেন।
আর্থিক সহায়তা প্রাপ্তদের মধ্যে সাত জনের প্রত্যেককে মৃত্যুকালীন সহায়তা হিসেবে ২৫ হাজার টাকা, শিক্ষা সহায়তা হিসেবে পাঁচ জনের প্রত্যেককে তিন হাজার টাকা, বিবাহ সহায়তা হিসেবে ১৬ জনের প্রত্যেককে সাত হাজার টাকা এবং চিকিৎসা সহায়তা হিসেবে ৩০ জনের প্রত্যেককে পাঁচ হাজার করে টাকা দেওয়া হয়।
টাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শফিকুল ইসলাম শিমুল জানান, দেশের সকল পরিবহন মালিক ও শ্রমিকরা সমন্বয়ের ভিত্তিতে এমন শ্রমিক বান্ধব কার্যক্রম পরিচালনা করলে তা পরিবহন খাতকেই এগিয়ে নিয়ে যাওয়া হবে।
তিনি আরও বলেন, 'বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিক বান্ধব নেতা। গত ২০১৩-১৪ সালে বিএনপির দেশব্যাপী জ্বালাও-পোড়াও আন্দোলনে যারা ক্ষতিগ্রস্থ হয়েছিলেন তাদেরকে প্রধানমন্ত্রী আর্থিক সহায়তা দিয়েছেন।'
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তারিুল ইসলাম আলম, ইউনিয়নের উত্তরবঙ্গ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ ইয়াকুব আলী, যুগ্ম সম্পাদক শেখ নাজমূল হক বাপ্পী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু ও দপ্তর সম্পাদক দীলিপ কুমার দাস।







