নওগাঁর ধামইরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিশু আহতের ঘটনায় ওই বাসের ড্রাইভারসহ ৩ শ্রমিককে গ্রেফতারের প্রতিবাদে নওগাঁ আন্তজেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। মঙ্গলবার (২৭ মার্চ) সকাল ১১টা থেকে এই ধর্মঘট শুরু করে তারা।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুল ইসলাম বলেন, উপজেলার ফতেপুর নামক স্থানে জয়পুরহাট থেকে নওগাঁগামী একটি বাসের ধাক্কায় হ্যাপী (৫) নামে স্থানীয় এক শিশু আহত হয়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা বাসের ড্রাইভার ও হেলপারদের আটক করে থানায় খবর দেয়। পুলিশ ওই বাসের চালক মকলেসুর রহমান ও দুই হেলপারকে আটক করে থানায় নেয়। মঙ্গলবার সকালে ধামইরহাট থানার এএসআই রায়হান বাদী হয়ে ওই তিন জনের বিরুদ্ধে মামলা করলে তাদের কোর্টের মাধ্যমে জেলে পাঠায় পুলিশ। এরপরই ওই তিন জনের মুক্তির দাবিতে আন্দোলন শুরু করে শ্রমিকরা।
নওগাঁ জেলা সড়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ঘটনায় আহত ওই শিশুর চিকিৎসার সব ব্যয় বহন করতে চেয়েছি আমরা। এ বিষয়ে আহত শিশুটির পরিবার আমাদের কথায় রাজি হয়েছিল। কিন্তু পুলিশ ওই শ্রমিকদের ছেড়ে দেয়নি। তাই মুক্তি না পাওয়া পর্যন্ত এ ধর্মঘট চালিয়ে যাওয়া হবে।








