বিএনপিকে নির্বাচনে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘নির্বাচনকালীন সরকার নিয়ে কোনও ফর্মুলা দিয়ে বা ষড়যন্ত্র করে লাভ হবে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। নির্বাচনকালীন সরকার দৈনন্দিন কাজ করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। জনগণ ভোটের মালিক। ভোটাররা নির্ধারণ করবে কোনও দল ক্ষমতায় আসবে। কারা দেশ পরিচালনা করবে।’
শুক্রবার (৬ এপ্রিল) নিজের নির্বাচনি এলাকা কাজীপুরে কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে তিনি এই কথা বলেন। উন্নয়ন ও শান্তির জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনও বিকল্প নেই মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
শুক্রবার তিনি নির্মাণাধীন আমেনা মনসুর টেক্সটাইল ইনস্টিটিউট প্রকল্পের অগ্রগতি পরিদর্শন এবং শহীদ এম মনসুর আলী সরকারি কলেজের ছয় তলা একাডেমিক ভবন, কলেজের ছাত্র ও ছাত্রী হোস্টেল নির্মাণ প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শন করেন। মন্ত্রীর সঙ্গে সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ইরতিজা হাসান, কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম ও পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।







