পূর্ব শত্রুতার জেরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের সভাপতি গ্রুপের তিন নেতাকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের গ্লাস অ্যান্ড সিরামিকস ভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রহমান নিবিড়ের অনুসারী সহ-সম্পাদক অম্লান অঙ্কুর চক্রবর্তী, উপ-প্রচার সম্পাদক মিরাজ আহমেদ নীরব ও কর্মী আহমেদ আরিফুল পরীক্ষা দেওয়ার জন্য ক্যাম্পাসে প্রবেশ করে। খবর পেয়ে সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপুর অনুসারী সহ-সভাপতি তামিম, লতিফ, মিথুনসহ ১০-১৫ জন নেতাকর্মী পরীক্ষা শেষে তাদেরকে আটকে রেখে মারধর করে এবং ক্যাম্পাসে প্রবেশ করতে না দেওয়ার হুমকি দেয়। পরে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে রুয়েট ছাত্রলীগের সভাপতি নাঈমুর রহমান বলেন, ‘সম্পাদক গ্রুপের কয়েকজন নেতাকর্মী মিলে আমার অনুসারী ৪-৫ জনকে মারধর করেছে। নির্বাচনকে কেন্দ্র করে তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এরা ছাত্রলীগের অনুপ্রবেশকারী।’
এ প্রসঙ্গে ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপুর সঙ্গে মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।








