সিরাজগঞ্জে এবার বাস মালিক-শ্রমিক সংগঠনের নেতারাই লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। সিরাজগঞ্জ জেলা শহরের এমএম মতিন বাস টার্মিনালে বৃহস্পতিবার সকাল থেকে তারা অবস্থান নেন।
সরেজমিনে দেখা যায়, সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি আলহাদি আলমাজি জিন্নাহ ও সাধারণ সম্পাদক মেজবাহুল ইসলাম লিটন এবং শ্রমিক সংগঠনের সভাপতি সুলতান তালুকদার ও সাধারণ সম্পাদক আনসার আলীসহ অন্য নেতারা দিনভর এ অভিযানে অংশ নেন।
মালিক সমিতির সভাপতি আলহাদি আলমাজি জিন্নাহ বলেন, ‘যে সব গাড়ির চালকদের বৈধ লাইসেন্স নেই, তাদের কোনও ভাবেই সুযোগ দেওয়া হচ্ছে না।’
সাধারণ সম্পাদক মেজবাহুল ইসলাম লিটন বলেন,“রেজিস্ট্রেশনের ‘ডেটফেল’ কিছুটা ছাড় দেওয়া হলেও, চালকদের বিষয়টি কড়াকড়িভাবে দেখা হচ্ছে।”
শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আনসার আলী বলেন,‘কেন্দ্রীয় ও নৌ-মন্ত্রীর নির্দেশে আমরা এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। এ অভিযান অব্যাহত থাকবে। যে সমস্ত চালকদের লাইসেন্স নেই, তাদের বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে।’
অন্যদিকে, জেলার হাটিকুমরুল মোড়ে ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহিন যানবাহন ধরতে হাইওয়ে পুলিশ ও র্যাবে যৌথ অভিযান বুধবার থেকে শুরু হয়েছে। বগুড়া-নগরবাড়ি, সিরাজগঞ্জ-হাটিকুমরুল মোড় এবং ঢাকা-রাজশাহী মহাসড়কে হাইওয়ে পুলিশের আলাদা অভিযান বৃহস্পতিবারও চলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, বুধবার র্যাব ও আমরা অভিযান চালিয়ে ২৫টি ফিটনেস ও রেজিস্ট্রিশনবিহিন যানবাহনকে জরিমানা করে মামলা দিয়েছি। বৃহস্পতিবারও সকাল থেকে অভিযান চলছে। বৈধ কাগজপত্র না থাকায় উত্তরাঞ্চল ও ঢাকাগামী অনেক বাস-ট্রাক অভিযানের ভয়ে বন্ধ করে রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী হাটিকুমরুল মোড় ও আশেপাশে বিশেষ অভিযান চলছে। এছাড়াও মাইকিং করে চালকদের সতর্ক করা হচ্ছে।






