রাজশাহীতে প্রায় ৮০ হাজার লিটার দেশি মদসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলার তানোর উপজেলার বিলিবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর ২৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তানোর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দিয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজশাহীর তানোর উপজেলার বিল্লিহাট গ্রামের আবদুর রহিমের ছেলে কামরুজ্জামান মন্ডল (৩৬) ও রিয়াজ উদ্দিনের ছেলে মো. নাসিম (৪৫), বহড়া গ্রামের ছমির মুন্নার ছেলে শহিদুল ইসলাম মুন্না (৩৯) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মন্তাজ আলীর ছেলে আবদুল লতিফ (৪৫)।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তানোরের বিলিবাজার এলাকায় দিনভর অভিযান চালিয়ে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ২০টি বালতি, ১২টি ড্রাম, ২৫টি সিলভারের পাতিল এবং ১৮টি মাটির পাতিলে ৭০ হাজার ৭৫০ লিটার দেশিমদ জব্দ করে। এসব মদ প্রস্তুত, প্রক্রিয়াজাতকরণ ও মজুতের অপরাধে চারজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ২৫ দিন করে সশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় জব্দকৃত মদ ধ্বংস করা হয়। দণ্ডিতদের কারাগারে পাঠানো হয়েছে।








