বগুড়ার গাবতলীর কাগইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শফি আহমেদ স্বপনের সুলতানপুরপাড়ার বাড়িতে ককটেল হামলার ঘটনায় ৬২ জনের নাম উল্লেখ করে জামায়াত-বিএনপি ১১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আওয়ামী লীগ নেতা স্বপন বুধবার রাতে গাবতলী থানায় এ মামলা করেন।
গত মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাতে দুর্বৃত্তদের হামলায় আ.লীগ নেতার বাড়ির ফ্রিজ, টিভিসহ প্রায় লাখ টাকা মূল্যের মালামাল পুড়ে গেছে। গাবতলী থানার ওসি খায়রুল বাশার জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
এই মামলায় অন্যতম আসামিরা হলেন- গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন, পৌর মেয়র পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কাগইল ইউনিয়নের বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান আগা নিহাল বিন জলিল তপনসহ অনেকে।
তবে আসামিরা এ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তারা দাবি করেছেন, আগামী জাতীয় নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখতেই এ মিথ্যা মামলা।
অভিযোগে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিএনপি ও জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী “খালেদা জিয়ার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মোরশেদ মিল্টনকে এমপি হিসেবে দেখতে চাই” স্লোগান দিয়ে সুলতানপুরপাড়া গ্রামে আওয়ামী লীগ নেতা শফি আহমেদ স্বপনের বাড়িতে হানা দেয়। তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে ঘরে আগুন ধরে গেলে ফ্রিজ, টিভিসহ প্রায় লাখ টাকার মালামাল পুড়ে যায়। ঘরে কেউ না থাকায় অল্পের জন্য বেঁচে যায় আওয়ামী লীগ নেতা শফি। এ ঘটনায় তিনি বুধবার রাতে গাবতলী থানায় উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রসহ বিএনপি ও জামায়াতের ১১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।
গাবতলী থানার ওসি খায়রুল বাশার জানান, ‘আওয়ামী লীগ নেতা স্বপনের বাড়িতে ককটেল হামলা ও ক্ষয়ক্ষতির সত্যতা পাওয়া গেছে। মামলা রেকর্ড করা হয়েছে; আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’








