ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কসহ ৩টি প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী তার কার্যালয়ের চামেলী হল থেকে সিরাজগঞ্জসহ ৩টি জেলার সঙ্গে সরাসরি ভিডিও কনফারেন্সে অংশ নেন।
এ সময় সিরাজগঞ্জ জেলা সদরের শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী অডিটরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
ভিডিও কনফারেন্সের সময় প্রধানমন্ত্রীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসনেই নৌকার বিজয় সুনিশ্চিত বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা, আপনি সিরাজগঞ্জের প্রতিটি সেক্টরে যেভাবে উন্নয়ন করেছেন, আগামী নির্বাচনে সিরাজগঞ্জের সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবেই নৌকায় ভোট দিয়ে ছয়টি আসনেই আওয়ামী লীগকে বিজয়ী করবে ইনশাল্লাহ।
জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না, শাহজাদপুরের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, সিভিল সার্জন ডা. কাজী শামিম হোসেনসহ জেলা আওয়ামী লীগের নেতা ও জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভাঙন রোধে পাউবোর মাধ্যমে ক্যাপিটাল ড্রেজিংসহ যমুনার পশ্চিম পাড়ে সিরাজগঞ্জে নানা প্রতিরক্ষামূলক প্রকল্প গ্রহণ, শিল্পপার্ক, বিদ্যুতের পাওয়ারপ্লান্ট, মেরিন ইনস্টিটিউট, ফোরলেন সড়ক, হাজার কোটি টাকা ব্যয়ের শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ, ট্রমা সেন্টার, আড়াইশ’ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা আধুনিক জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের জন্য ভিডিও কনফারেন্সের শুরুতেই জেলাবাসীর পক্ষে প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও অভিবাদন জানান স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না।
এ সময় প্রধানমন্ত্রী জেলার দুজন ক্ষুদ্র ও প্রান্তিক তাঁতির জীবনযাপনসহ নানা সংগ্রামের কথা শুনেন। দুপুর পৌনে দুইটায় সিরাজগঞ্জ শিল্পপার্ক, সাভার চামড়া শিল্প নগরী ও মুন্সীগঞ্জ জেলায় অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টসসহ (এপিআই) ৩টি প্রকল্প উদ্বোধন শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়।








