সিরাজগঞ্জের ৬টি আসনের পাঁচটিতে বিএনপির ১২ জন মনোনায়ন পেয়েছেন। সব আসনেই বিএনপির ডামি প্রার্থী রয়েছে। কাণ্ডারি হিসেবে রয়েছেন সিরাজগঞ্জ-২ আসনে কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এখানেও ডামি প্রার্থী হিসেবে তার স্ত্রী সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বেগম রুমানা মাহমুদ রয়েছেন। সোমবার (২৬ নভেম্বর) রাতে কেন্দ্র থেকে তারা মনোনায়ন পান।
একটি আসনে প্রার্থী না দিলেও ২০ দলীয় ঐক্যজোট জামায়াতের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। মনোনায়ন প্রাপ্তির বিষয়টি জেলা বিএনপির প্রচার সম্পাদক হারুন-অর-রশিদ খান নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনে মনোনায়ন পান নাজমুল হাসান তালুকদার রানা এবং কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। সিরাজগঞ্জ-৩ (তাড়াশ ও রায়গঞ্জ) আসনে পান চারবারের নির্বচিত সাবেক এমপি আলহাজ আব্দুল মান্নান তালুকদার, সাইফুল ইসলাম শিশির ও ভিপি আইনুল হক। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে মনোনায়ন পান জেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল করিম খান পাপ্পু, চৌহালী উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারন সম্পাদক মো. আমিরুল ইসলাম খান আলিম। সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে পান সাবেক উপ-প্রধানমন্ত্রীর ছেলে ডক্টর এম. এ মুহিত এবং কামরুদ্দিন এহিয়া খান মজলিশ। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপির পক্ষ থেকে কোনও প্রার্থী দেওয়া না হলেও ২০ দলীয় ঐক্যজোট প্রার্থী জামায়াত ইসলামের জন্য তা ছেড়ে দেওয়া হয়েছে। জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম খান সেখান থেকে ২০ দলীয় ঐক্যজোট প্রার্থী হতে পারেন বলে জানা গেছে।






