ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন ১৪ দলের রাজশাহীর সমন্বয়ক ও সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেছেন, ‘নির্বাচন প্রশ্নবিদ্ধ করার নানা কূটকৌশল চলছে, নানা ব্লেমগেম চলছে। এসবের পরও আমরা আশাবাদী সুষ্ঠু নির্বাচন করতে পারবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সুচিন্তিতভাবে নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করেছেন। তার রাজনৈতিক প্রজ্ঞা মেধা আমাদের দেখিয়েছেন, বিশ্বকে অবাক লাগিয়ে দিচ্ছেন।’
শনিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে ১৪ দলের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামান লিটন বলেন, ‘২৩ দলীয় জোটের মধ্যে মুক্তিযুদ্ধের কোনও চিন্তাচেতনা এখন নাই। ড. কামাল হোসেনরা একসময় স্বাধীনতার পক্ষের মানুষ থাকলেও থাকতে পারেন, এখন কিন্তু তারা যে জায়গায় গেছেন, তাদের মুজিব কোট পরার অধিকার আর নেই।’
তিনি আরও বলেন, ‘গতকাল (শুক্রবার) মার্কিন কংগ্রেসে একজন কংগ্রেসম্যান একটা বিল এনেছেন, সেটা হলো নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত-শিবির ও মৌলবাদী দল অরাজকতা সৃষ্টি করতে পারে। এতে বিএনপির পক্ষ থেকে হতাশা প্রকাশ করা হয়েছে। এখন আমরা বুঝতে পারছি, বিশ্ববাসীর কাছে বিএনপি জোট প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এর ফলে নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জয়লাভের পথে আমরা আরও একধাপ এগিয়ে গেলাম।’
মেয়র লিটন বলেন, ‘নির্বাচনে কোনও গাফিলতি করা যাবে না। সতর্ক ও ঐক্যবদ্ধভাবে সবাইকে নৌকার পক্ষে কাজ করে বিজয় আনতে হবে।’
সভায় অতিথি ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, মুক্তিযোদ্ধা নওশের আলী, মীর ইকবাল, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, নিঘাত পারভীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, ন্যাপের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান খান আলম, ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবুসহ মহানগর আওয়ামী লীগ, মহিলা ও যুব মহিলা আওয়ামী লীগ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা।








