বগুড়া শহরের শিকারপুর এলাকায় মাটিবাহী ট্রাকের চাপায় আনিছার পাইকাড় (৬৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী ট্রাকসহ চালক মোন্নাফকে আটক করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আনিছার পাইকাড় স্থানীয় বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে একটি মাটিবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৭১৩৩) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় পথচারীরা ট্রাকসহ চালক মোন্নাফকে আটক করে। পরে তাকে পুলিশে দেওয়া হয়।
সদর থানার এসআই খোরশেদ আলম জানান, ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। পরিবার থেকে মামলা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিহত আনিছার পাইকাড় বগুড়া সদরের শিকারপুর গ্রামের মৃত তফু পাইকাড়ের ছেলে।








