দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম বলেছেন, ‘প্রত্যেকটি প্রতিষ্ঠানের প্রধানকে নিজ নিজ প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখতে হবে। কারণ প্রতিষ্ঠানের প্রধান যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, তাহলে দুর্নীতি দমন করা সম্ভব নয়। দুর্নীতি একটি ঘৃণা ও লজ্জার বিষয়, এটি পরিহার করতে হবে। এটি প্রতিরোধ করতে সততার সঙ্গে কাজ করতে হবে।’
রাজশাহী শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রবিবার (৫ মে) দুপুরে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ মহানগর, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ, মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল ইসলাম আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির প্রতি জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই সবাইকে দুর্নীতি প্রতিরোধ করার মাধ্যমেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে বেশি নজর দিয়ে আরও শক্ত অবস্থানে থাকতে হবে।’
রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আনওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন– দুর্নীতি দমন কমিশন ঢাকার যুগ্ম-সচিব মো. মনিরুজ্জামান, রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আক্তার, পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির, জেলা প্রশাসক এস এম আবদুল কাদের, বগুড়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রহিম।








