পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ ও হামলার মামলায় পলাতক আসামিদের মধ্যে বিএনপির আরও দুই সাবেক নেতা আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার (২ জুলাই) পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) রুস্তম আলীর (ভারপ্রাপ্ত বিচারক) আদালতে এ দুই আসামি আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণকারী দুই আসামি হলেন– ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান বাবলু ও বিএনপি নেতা আব্দুল হাকিম টেনু। এ নিয়ে ঈশ্বরদী বিএনপির ৩২ নেতাকর্মী এই মামলার আসামি হিসেবে কারাগারে গেলেন। আগামীকাল বুধবার (৩ জুলাই) এই মামলার রায়ের দিন ধার্য আছে।
১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় কর্মসূচিতে যোগ দিতে ট্রেনবহর নিয়ে খুলনা থেকে ঈশ্বরদী হয়ে সৈয়দপুর যাচ্ছিলেন। এদিন সন্ধ্যার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনটি প্রবেশের আগে রেলগেট এলাকায় শেখ হাসিনার কামরা লক্ষ্য করে গুলিবর্ষণ ও বোমা নিক্ষেপ করা হয়। এ ঘটনায় অধিকতর তদন্ত শেষে মোট ৫২ জনকে আসামি করে চার্জশিট (অভিযোগপত্র) দেয় পুলিশ। চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে পাঁচজন মারা গেছেন। বাকিদের মধ্যে ৩২ জন কারাগারে এবং বাকি ১৫ জন পলাতক।







