ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সর্বকালের সবচেয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার প্রত্যাশা, ‘ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-ময়মনসিংহ সড়কের মতো ভবিষ্যতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও ঈদযাত্রায় যাত্রীরা ভোগান্তিতে পড়বেন না।’ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সমস্যাটি একটি পয়েন্টেই রয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, ‘সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
মন্ত্রী রবিবার (১১ আগস্ট) দুপুরে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ারবাজারে এসব কথা বলেন। সেখানে তিনি একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রা বিলম্বিত হওয়ায় টার্মিনালে যেমন দুর্ভোগ ছিল, তেমনি রাস্তায়ও দুর্ভোগ ছিল। এছাড়া অন্যান্য সব মহাসড়কে শনিবার থেকেই ঈদযাত্রা স্বাভাবিক ছিল।’
কোরবানির ঈদে ঘরমুখো যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সেতুমন্ত্রী আরও বলেন, ‘এবারের ঈদযাত্রায় মহাসড়কে যেখানে যেখানে সমস্যা দেখা গেছে, সেসব জায়গায় যেন এর পুনরাবৃত্তি না ঘটে; ভবিষ্যতে ভুল ও ঘাটতিগুলো আমরা দূর করবো। এ চ্যালেঞ্জটা আমাদের সামনে রইলো।’
মতবিনিময় সভায় হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার নজরুল ইসলাম, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঈদযাত্রার আরও খবর:
সড়কে দুর্ভোগের জন্য ওবায়দুল কাদেরের দুঃখ প্রকাশ








