সিরাজগঞ্জের ঢাকা-রাজশাহী ও বগুড়া-নগরবাড়ি মহাসড়কে যানবাহনের চাপ কমছে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কে সয়দাবাদ ও কড্ডা মোড়ে রবিবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে স্বাভাবিকভাবে চলতে দেখা গেছে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী যানবাহন। সকালের মতো যানজট বা ধীরগতি নেই। তবে, কড্ডা মোড়ের ১৪ কিলোমিটার পশ্চিমে নলকা ও ধোপাকান্দিতে সওজের ইছামতি সরু সেতুর কারণে দিনভর যানবাহনের কিছুটা ধীরগতি থাকলেও সন্ধ্যার পর ধীরে ধীরে তাও স্বাভাবিক হচ্ছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম রবিবার বিকাল সাড়ে ৫টায় বলেন, ‘দুপুরের পর থেকে যানবাহনের চাপ কমতে শুরু করেছে। সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদ ও কড্ডা থেকে নলকা পর্যন্ত কোনও যানজট বা ধীরগতি নেই। নলকা ও ধোপাকান্দিতে সওজের ইছামতি সরু সেতুর কারণে দিনভর কিছুটা যানবাহনের ধীরগতি থাকলেও তা অনেকটা স্বাভাবিক। শনিবারের মতো যানজট নেই।’
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরির্দশক আশরাফ উদ্দিন সন্ধ্যা ৬টার দিকে জানান, শেষ মুহর্তে হাটিকুমরুল মোড়ে ঢাকা-উত্তরাঞ্চলের যানবাহনের চাপ কমে গেছে। এখানে এখন যানজট নেই। টাঙ্গাইল থেকে যানবাহন সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে আসার পথে নলকা ও ইছামতি সেতুর কারণে সকাল থেকে কিছুটা ধীরগতির মধ্যে পড়লেও বিকাল ৫টার পর থেকে স্বাভাবিক হতে শুরু করেছে।’
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আকতার হোসেন জানান, সিরাজগঞ্জের মহাসড়কের বাস্তব অবস্থা পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আকতার রবিবার দুপুরে হাটিকুমরুল মোড়ে আসেন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে কড্ডা, নলকা ও পাঁচিলা এলাকা পরিদর্শন শেষে ট্রাফিক ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সন্ধায় হাটিকুমরুল মোড়ে মতবিনিময় করেন। উত্তরের যানবাহন ঢাকার পথে ফেরার সময় পূর্বের মতো যেন যানজট না হয়, সে বিষয়ে ট্রাফিক ও হাইওয়ে পুলিশকে বিশেষ নির্দেশনা দেন।







