সিরাজগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় নুর ইসলাম (৩০) নামে এক তরুণকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন। একই সঙ্গে অপহরণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।
আদালতের স্পেশাল পিপি শেখ আব্দুল হামিদ লাভলু এ কথা জানান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত নুর ইসলামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামে।
মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, গত ২০১৪ সালের ১১ অক্টোবর সন্ধ্যায় শিবনাথপুর গ্রামের নুর ইসলাম পাশের বাড়ির নজরুল ইসলামের মেয়ে ঋতুকে (৮) টেলিভিশন দেখার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির পাশের পটল ক্ষেতে নিয়ে ধর্ষণের পর গলাটিপে হত্যা করে পালিয়ে যায়। পরের দিন সকালে ঋতুর লাশ পাওয়া যায়। এ ঘটনায় ঋতুর মা কোহিনুর বেগম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগে নুর ইসলামের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত মঙ্গলবার এ রায় দেন। মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ইন্সপেক্টর মো. গোলাম মোস্তফা।








