পদ্মায় পানি বৃদ্ধির কারণে পাবনার তিন উপজেলার ইউএনওসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক কবীর মাহমুদ এ কথা জানান। বুধবার বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, ‘পাবনা সদর, ঈশ্বরদী ও সুজানগর উপজেলার ১৩টি ইউনিয়নের নিম্নাঞ্চলের গ্রামগুলো প্লাবিত হয়েছে। পদ্মার পানি বৃদ্ধির ফলে তিন উপজেলার ১ হাজার ৫৯২ দশমিক ৫৯ একর জমির বিভিন্ন জাতের ফসলসহ শীতকালিন সবজির ক্ষতি হয়েছে। বুধবার থেকেই ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার হিসেবে ১ হাজার ৪৭০ প্যাকেট শুকনো খাবার বিতরণ শুরু হয়েছে।
তিনি আরও জানান, এসব শুকনো খাবারের প্যাকেটের মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ লিটার সোয়াবিত তেল, ১ কেজি লবন ও ৫০০ গ্রাম নুডুলস। এছাড়াও দুর্গতদের জন্য ত্রাণ হিসেবে ২০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক বলেন, ত্রাণ বিতরণ করবেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ত্রাণ বিতরণের সময় যে কোনও ধরণের অনিয়ম প্রতিহত করার জন্য জেলা প্রশাসনের তদারকি বাড়ানো হয়েছে। এছাড়াও ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। এর জন্য সরকারি কয়েকটি দফতরের প্রতিনিধিরা কাজ করছেন।
এদিকে পদ্মার পানি বৃদ্ধির ঘটনায় পাবনা সদর, ঈশ্বরদী ও সুজানগর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট এবং ইউনিয়ন পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের ছুটি বাতিল করা হয়েছে।
জেলা ত্রাণ কার্যালয় সূত্র জানায়, অতিরিক্ত বৃষ্টি এবং পদ্মা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ার কারণে পাবনা জেলা সদর উপজেলার হেমাইতপুর, ভাড়ারা, দোগাছি, চরতারাপুর, ঈশ্বরদী উপজেলার পাকশী, লক্ষীকুন্ডা, সাড়া, সুজানগর উপজেলার ভায়না, সাতবাড়িয়া, নাজিরগঞ্জ, মানিকহাট, সাগরকান্দি ও পৌরসভার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, পদ্মার পানি বৃদ্ধি আরও দু’একদিন থাকতে পারে। বুধবার বিকেল তিনটা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগ পাকশীর হার্ডিঞ্জ ব্রিজের পদ্মা নদীর পয়েন্টে পানি পরিমাপ করেছে। তাদের রেকর্ড অনুসারে পদ্মায় ১৪.৩৩ সেন্টিমিটার পানি প্রবাহিত হচ্ছে। যা বিপদ সীমা ১৪.২৫ সেন্টিমিটারের ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ, জেলা ত্রাণ বিষয়ক কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিসহ পাবনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।








