রাজশাহীতে শীষ মোহাম্মদ (৩৫) নামের এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) গভীর রাতে রাজশাহীর গোদাগাড়ীর বিজয়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (৪ অক্টোবর) বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ সুপার ইফতেখায়ের আলম এই তথ্য নিশ্চিত করেন।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, গ্রেফতারের সময় শীষ মোহাম্মদের কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন, ছয় রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, গোদাগাড়ী থানা পুলিশের মাদক বিক্রেতাদের তালিকায় শীষ মোহাম্মদের নাম এক নম্বরে রয়েছে। তার বাবার নাম ইসরাইল হক। গোদাগাড়ী পৌর এলাকার গড়ের মাঠ এলাকার শীষ মোহাম্মদের বিরুদ্ধে আগে থেকেই মাদকের চারটি মামলা ছিল। এর আগে ২০১৪ সালের ২৯ অক্টোবর ২০০ গ্রাম হেরোইনসহ শীষ মোহাম্মদকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে গ্রেফতার হয়েছিল তালিকার দুই নম্বরে থাকা মাদক বিক্রেতা জাহাঙ্গীর আলম। জব্দ করা হয় একটি প্রাইভেটকার। এর আগে ২০০৭ সালের ১০ এপ্রিল একটি বিদেশি পিস্তুল ও ২০০ গ্রাম হেরোইনসহ শীষ মোহাম্মদ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, শীষ মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা দুটি মামলা করা হয়েছে।








