কিংবদন্তি চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা পরিদর্শন করেছেন রাজশাহীতে অবস্থিত ভারতের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি। বুধবার (১ জানুয়ারি) দুপুরে তিনি রাজশাহী নগরীর মিয়াপাড়া এলাকায় যান। পরে তিনি চলচ্চিত্রকারের পৈতৃক ভিটা ঘুরে দেখেন।
এসময় ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি সাজ্জাদ বকুল ও হোমিওপ্যাথি কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান ও প্রতিষ্ঠানটির শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ভারতীয় সহকারী হাইকমিশনার তাদের কাছ থেকে ভিটা ভেঙে সাইকেল গ্যারেজ গড়ার বিষয়ে সবকিছু শোনেন। তবে স্থানীয় গণমাধ্যমকর্মীদের তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
উল্লেখ্য, ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা বর্তমানে রাজশাহী হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল হিসেবে ব্যবহার হচ্ছে। ঋত্বিক ঘটকের স্মৃতি বিজড়িত কয়েকটি ঘর এখনও সেখানে টিকে আছে। আরেক পাশে গড়ে উঠেছে আধুনিক ভবন। এরশাদ সরকারের আমলে এনিমি প্রোপার্টি হিসেবে বাড়িটি তুলে দেওয়া হয় কলেজের হাতে। ইতোমধ্যে বাড়ির অনেকটা অংশ ভেঙে ফেলা হয়েছে।
সম্প্রতি কলেজের সাইকেল গ্যারেজ তৈরির জন্য ঋত্বিকের মূল ভিটার কয়েকটি ঘর ভেঙে ফেলা হচ্ছিলো। এরপরই প্রতিবাদ শুরু করেন রাজশাহীর সংস্কৃতিপ্রেমীরা। ভাঙার কাজ বন্ধের দাবি জানিয়ে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেন। ভিটা ভেঙে সাইকেল গ্যারেজ গড়ে তোলার প্রতিবাদে রাজশাহী এবং ঢাকায় মানববন্ধন কর্মসূচিও পালিত হয়।








