আজ ১৩ ডিসেম্বর (রবিাবর) বগুড়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মিত্রবাহিনীর সহায়তায় বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে বগুড়া শহর মুক্ত করে। ৩ দিন যুদ্ধের পর শহরের বৃন্দাবন পাড়া এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে মিত্রবাহিনীর কাছে।
১০ ডিসেম্বর সকালে মিত্রবাহিনীর ৬৪ মাউনটেন্ট রেজিমেন্টের ব্রিগেডিয়ার প্রেম সিংহ ৯ জন বাঙালি মুক্তিযোদ্ধা ও এক ব্রিগেড সেনা নিয়ে শহর থেকে ৩ মাইল উত্তরে চাঁদপুর, নওদপাড়া এবং ঠেঙ্গামারা গ্রামের মধ্যবর্তী লাঠিগ্রামের কাছে বগুড়া-রংপুর মহাসড়কে অবস্থান নেয়। সেখানে ৩দিন সম্মুখ যুদ্ধের পর মিত্রবাহিনীর আর্টিলারি ডিভিশন ট্যাংক নিয়ে শহরে ঢোকে। খবর পেয়ে শহরবাসী ও মুক্তিযোদ্ধারা আনন্দ উল্লাস করেন। ১৩ ডিসেম্বর বেলা ৩টার দিকে পাকিস্তানি হানাদার বাহিনীর ব্রিগেডিয়ার এলাহী বক্স সেনা ও অস্ত্রসহ মিত্রবাহিনীর বিগ্রেডিয়ার প্রেম সিংহের কাছে আত্মসমর্পণ করেন। বগুড়ায় উড়ানো হয় স্বাধীন বাংলার লাল সবুজ পতাকা।
/এআর/এসটি/








