বগুড়ার দুপচাঁচিয়ায় গলাকাটা ও আগুনে পোড়ানো লাশটির পরিচয় মিলেছে। তার নাম সেলিম হোসেন (৩০)। তিনি রঙমিস্ত্রি। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তার বাবা দাঁত, মুখমণ্ডল ও পোশাক দেখে ছেলেকে শনাক্ত করেন।
দুপচাঁচিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের চেষ্টা চলছে। পরিবারের সদস্যরাও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। সেলিমের মোটরসাইকেলটি জিয়ানগর বাজারে পাওয়া গেছে। কোনও বিরোধের জের ধরে দুর্বৃত্তরা তাকে গলা কেটে ও গালে ছুরিকাঘাতে হত্যা করে থাকতে পারে। পরিচয় গোপন করতে শরীরে কোনও দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়া হয়। এতে তার শরীরের অধিকাংশ ঝলসে গেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চামরুল ইউনিয়নের বেরুঞ্জ সিঙ্গাগাড়ী খালের পাড়ে জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।







