শিক্ষিত জাতি বোঝা নয় সম্পদ বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। তিনি বলেন, ‘শেখ মুজিবুর রহমান প্রায় ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ২৬ হাজার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করেছেন। এর ফলে সকলের জন্য শিক্ষা নিশ্চিত হয়েছে।’
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে রাজশাহী শিশু একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় শিশু একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে নানা পরিকল্পনা প্রণয়ন করেছেন। যাতে তারা ভবিষ্যত নেতা হিসেবে গড়ে উঠতে পারে।’
তিনি আরও বলেন, ‘শিশুদের মেধা ও মনন বিকাশে পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, উপ-সচিব ফেরদৌসী বেগম এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের উপস্থিত ছিলেন।








