বগুড়ার আদমদীঘি থানা পুলিশ খাদ্যবান্ধব কর্মসূচির ২১ বস্তা চাল উদ্ধার করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে উপজেলার কুন্দুগ্রাম ইউনিয়নের চকপাড়ার এক প্রবাসীর বাড়ি থেকে চালগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় রবিউল ইসলাম লেবু নামে একজনকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন চাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কাউকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আওয়ামী লীগের কর্মী কুন্দুগ্রাম চকপাড়ার ইদ্রিস, সামসুল, রেজাউল, সাজ্জাদ ও রবিউল ইসলাম লেবু সরকারের বরাদ্দ দেওয়া বিভিন্ন কর্মসূচির চাল কেনাবেচা করে থাকেন। তারা ওই গ্রামের প্রবাসী ফজের আলীর বাড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির ২১ বস্তা চাল মজুত করেন। গোপনে খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ মঙ্গলবার বিকালে ওই বাড়ি থেকে চালগুলো জব্দ করে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে রবিউলকে আটক করলেও পরে তাকে ছেড়ে দিয়েছে। এতে জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা জানান, ওই ব্যক্তিরা চাল ব্যবসায়ী। তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন।
ওসি জানান, এক প্রবাসীর বাড়ি থেকে ২১ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ সময় কাউকে আটক করা হয়নি। তবে চালগুলো মজুতকারীদের নাম-পরিচয় পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।








