পাবনা জেনারেল হাসপাতালের দু’জন স্টাফ নার্স এবার করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান।
পাবনার ডেপুটি সিভিল সার্জন ডা. কে এম আবু জাফর জানান, আক্রান্ত দু’জনের মধ্যে একজনের বয়স ২৯ ও অপরজনের বয়স ৫২ বছর। করোনা পজিটিভ রিপোর্ট আসার পর তাদের দু’জনকেই হোম আইসোলেশনে পাঠানো হয়েছে।
এ নিয়ে পাবনায় ১৩ জন করোনায় আক্রান্ত হলেন। এর আগে পাবনা সদর উপজেলায় ৩ জন, চাটমোহর উপজেলায় ৩ জন, ভাঙ্গুড়া উপজেলায় ২ জন, সাঁথিয়া উপজেলায় একজন, সুজানগর উপজেলায় একজন ও ফরিদপুর উপজেলায় একজন করোনা আক্রান্ত হয়। আর ১৩ জনের মধ্যে চাটমোহর উপজেলার একজন সুস্থ হয়েছেন।








