আজ ২৫ বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকী। ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন নোবেল বিজয়ী এই সাহিত্যিক। কবির প্রতি শ্রদ্ধায় প্রতিবছর বাংলাদেশে আড়ম্বর করে দিনটি উদযাপন করা হয়। কিন্তু এবার করোনা পরিস্থিতিতে সরকারিভাবে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এ কারণে এবার অনলাইনভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে নিভৃতে পালিত হচ্ছে রবীন্দ্রজয়ন্তী। সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়িতে তাই এবার ভক্তদের পদচারণা নেই।
বিগত বছরগুলোতে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে কাছারি বাড়ির অডিটোরিয়ামে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হতো, এমনকি দেশি ও বিদেশি বরীন্দ্রভক্তদের মিলনমেলায় পরিণত হতো কাছারি বাড়ি। এবার সে সবের কোনোটিই নেই। করোনা যেন ভক্তদের সব আনন্দ কেড়ে নিয়েছে।
কাছারি বাড়িতে রবীন্দ্রজয়ন্তী এবার পালন না হলেও আশেপাশের মানুষজনকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে সামাজিক দায়িত্ববোধও এবার ভক্তদের অনেক বেড়ে গেছে। সে দায়িত্ববোধের কারণেই এবার তারা সমাগম করেনি কাছারি বাড়িতে।
শাহজাদপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রবীন্দ্রভক্ত কাজী শওকত হোসেন, বয়োজিদ হোসেন ও এ শহিদুল্লাহ বাবলু শুক্রবার (৮ মে) দুপুরে বাংলা ট্রিবিউনকে জানান, ১৯৯১ সাল থেকে শাহজাদপুরের কাছারি বাড়িতে প্রতি বছরই নানা আয়োজনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন করা হচ্ছে। কোনোবারই ভক্তদের মিলন মেলা বন্ধ হয়নি। গত বছর পবিত্র মাহে রমজানের কারণে রাতে না হলেও দিনের বেলায় জমকালো অনুষ্ঠান হয়েছিল। কিন্তু করোনায় জনসমাগম নিষিদ্ধ থাকায় রবীন্দ্রজয়ন্তী এবার আড়ম্বর করে পালন করা সম্ভব হলো না। তারপরও শাহজাদপুর থিয়েটার কার্যালয়ে সামজিক নিরাপত্তা বজায় রেখে আজ সন্ধ্যায় গুটিকয়েক সাংস্কৃতিক কর্মীদের জমায়েত হওয়ার কথা রয়েছে। কথা রয়েছে স্বল্প পরিসরে কবিতা আবৃত্তি, রবীন্দ্র সংগীতসহ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে আলোচনার।
এ প্রসঙ্গে শাহজাদপুরের রবীন্দ্র গবেষক অধ্যাপক নাসির উদ্দিন মালিথা বলেন, 'রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে শাহজাদপুরের কাছারিবাড়ি বরাবরই আলাদা গুরত্ব বহন করে। বর্তমান পরিস্থিতিতে এখানে আলাদাভাবে অনুষ্ঠান করার সুযোগ নেই। কিন্তু, কবিগুরুর ১৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমি টেলিভিশনে যেসব অনুষ্ঠান পরিচালনা করছে, তাতে শাহজাদপুরের কাছারি বাড়ির ছোয়া রাখতে পারতো। তাহলেও কিছুটা শূন্যতা কাটতো।'
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, 'বর্তমান পরিস্থিতির কারণে কাছারি বাড়িতে অনুষ্ঠান পরিচালনায় এবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কোনও নির্দেশনা আসেনি।'







