সামাজিক যোগাযোগ মাধ্যম- ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ার সময় এবং পরে বিয়ে করে এক নারীর কাছ থেকে ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে সাইফুল খান শামীম (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবার (২৭ ডিসেম্বর) প্রতারণার অভিযোগে রাজশাহীর পবা থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।
শামীম মাদারীপুর জেলার কালকিনি থানার বাড়ি বজরুসা এলাকার আজিজুল খানের ছেলে। বর্তমানে তিনি ঢাকা মহানগরের মুগদাপাড়ায় ১ নম্বর গলির আসমার বাড়িতে ভাড়া থাকেন।
পবা থানার অভিযোগ সূত্রে জানা যায়, তিনি একজন আমেরিকা প্রবাসী বলে নিজেকে দাবি করেন এবং বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করবেন বলে রাজশাহীর পবা এলাকার এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে ইসলামি শরিয়াহ মোতাবেক গত জুনে তাদের বিয়ে হয়। প্রেমের সম্পর্ক থাকাকালীন এবং বিয়ে পরবর্তী সময়ে শামীম ওই নারীর কাছ থেকে ১১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেন। এ ব্যাপারে গত সেপ্টেম্বরে পবা থানায় লিখিত অভিযোগ করেন ভিকটিম। অভিযোগের পর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক নির্দেশে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গোলাম মোস্তফার নেতৃত্বে একটি টিম ঢাকার মতিঝিল থানা পুলিশের সহায়তায় গত রবিবার রাতে মতিঝিল থানার ফকিরাপুল এলাকা হতে শামীমকে গ্রেফতার করে।
পবা থানার ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয় স্বীকার করেছেন। এ বছরের সেপ্টেম্বরে মামলা করেন ভুক্তভোগী। তার মামলার পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে সোমবার (২৮ ডিসেম্বর) কারাগারে পাঠানো হয়েছে।








