দীর্ঘ সাত বছর পর পাবনার যুবলীগ নেতা রফিকুল ইসলাম লাভলু হত্যার মূলহোতা পলাশ মিয়াকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (১০ ফেব্রুয়ারি) রাজশাহী জেলার চারঘাট উপজেলার কালারিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পিবিআই পাবনার পুলিশ সুপার মো. ফজলে এলাহি জানান, পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা লাভলুকে ২০১৪ সালের ১ সেপ্টেম্বর লালন শাহ সেতুর টোল প্লাজার কাছে অজ্ঞাত তিন-চার জন কুপিয়ে হত্যা করে মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়েরের পর পুলিশ ও সিআইডি তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয়। মামলার বাদী আব্দুর রাজ্জাক অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন দিলে বিজ্ঞ আদালত পিবিআইকে তদন্তের দায়িত্ব দেন। দীর্ঘ তদন্ত শেষে পিবিআই তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডের মূলহোতা পলাশকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের মূলহোতা গ্রেফতার হলেও সহযোগীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে পলাশ জানায়, লাভলু ও তার এক সহযোগী ঘটনার দিন রাতে পাকশী লালন শাহ সেতুর টোল পয়েন্টের কাছে পৌঁছালে সে ও তার দলবল রশি ফেলে তাদের গতিরোধ এবং ছুরিকাঘাত করে। এতে লাভলুর মৃত্যু হলেও বেঁচে যান তার সঙ্গে থাকা মোসতাকিন মনোয়ার। এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হলে পিবিআই তদন্ত করে পলাশের নাম জানতে পারে। পলাশকে গ্রেফতারের পর জড়িতদের নাম জানা যায়।
জিজ্ঞাসাবাদ শেষে পলাশ মিয়াকে মঙ্গলবার আদালতের মাধমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।









