রাজশাহী মহানগরীর তিন নম্বর ওয়ার্ডের দাশপুকুর এলাকায় জমি বিরোধে জেরে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (৩০ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে আরও অন্তত ৭-৮ জন আহত হয়েছেন।
ইতোমধ্যেই এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কোনও পক্ষই মামলা করেনি। নিহত দুইজন হলেন- দাশপুকুর এলাকার সাজদার রহমানের ছেলে শফিকুল ইসলাম (৫০) ও গিয়াস উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৪০)। জয়নাল রাজশাহী সিটি করপোরেশনের তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেনের ভাতিজা। আর নিহত শফিকুল রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছিলেন।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন- ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহাতাব হোসেন গ্রুপের মাহতাব (৫০), কামাল হোসেনের স্ত্রী মোসা. সালমা বেগম (৪০) ও মুনসুর আলীর ছেলে সোহেল (৩২)। বিএনপি নেতা শফিকুল গ্রুপের গ্রুপের আহতরা হলেন- শফিকুলের ভাই সালাম (৪০) ও লুৎফর আলীর ছেলে সোহাগ (৩২)। আহতদের মধ্যে উভয় পক্ষের এই পাঁচজনের অবস্থা গুরুতর।
জানা গেছে, নিহত শফিকুল ইসলাম ও তার ভাই আবদুস সালাম একটি পক্ষ এবং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন ও তার ভাই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহাতাব হোসেন আরেকপক্ষ। একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে বিরোধ চলছিলো। এই বিরোধের জেরে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, বুধবার দুপুরে বিবদমান জমিতে বেড়া দিতে গেলে উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর শফিকুল ও জয়নালকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও রামেক হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের অভিযান অব্যাহত রয়েছে। মামলাও হবে।









