সিরাজগঞ্জের কামারখন্দে বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চর দোগাছী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই গ্রামের মো. মোকলেছুর রহমানের মেয়ে মোছা. মুন্নী খাতুন (১৪) ও ছেলে আবু তালহা (৫)। কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) রমন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোকলেছুর রহমানের ঘরে স্টিলের কাপড়ের বাক্সে বিদ্যুতের কোনও ছিদ্র তার লেগে বিদ্যুতায়িত হয়েছিল। বিষয়টি পরিবারের কেউ টের পায়নি। আবু তালহা বিকালের দিকে ওই বাক্স থেকে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে মুন্নী খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।








