রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ছয় ও উপসর্গে ছয় জন মারা গেছেন। শুক্রবার (২০ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচ, চাঁপাইনবাবগঞ্জের দুই, নাটোরের দুই, নওগাঁ, মেহেরপুর ও পাবনার এক জন করে রয়েছেন। নয় জন পুরুষ ও তিন জন নারী। চার জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের চার, ৪১ থেকে ৫০ বছর বয়সের এক, ৩১ থেকে ৪০ বছর বয়সের এক ও ২১ থেকে ৩০ বছর বয়সের দুই জন।
শামীম ইয়াজদানী আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২০ জন ভর্তি হয়েছেন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩১ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ২৩৬ জন। তাদের মধ্যে আইসিইউতে ১৯ জন।
রামেক হাসপাতালের পরিচালক জানান, করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১২৭ জন করোনায় আক্রান্ত। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭৭ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনামুক্ত হয়ে পরবর্তী নানা স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ৩২ জন।
শামীম ইয়াজদানী বলেন, টানা তিন দিন কমার পর রাজশাহীতে আবারও করোনা সংক্রমণ বেড়েছে। বৃহস্পতিবার রাতে দুইটি ল্যাবে রাজশাহী জেলার ২৭৬টি নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৩৬ শতাংশ। এর আগের দিন বুধবার ছিল ১৫ দশমিক শূন্য ৩ শতাংশ, মঙ্গলবার ১৬ দশমিক ৪৫ শতাংশ ও সোমবার ১৫ দশমিক ২৭ শতাংশ।









