রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় দুই ও উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন। শুক্রবার (২৭ আগস্ট) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।
তিনি জানান, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর দুই, চাঁপাইনবাবগঞ্জের এক ও কুষ্টিয়ার একজন। করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন। এছাড়া একই সময় সুস্থ হয়ে ২৯ জন হাসপাতাল ছেড়েছেন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৯২ জন।
করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৮৪ জন করোনায় আক্রান্ত। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮৫ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনা নেগেটিভ হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ২৩ জন।
শামীম ইয়াজদানী আরও জানান, বৃহস্পতিবার রাতে দুইটি ল্যাবে রাজশাহী জেলার ২৪৭টি নমুনা পরীক্ষা করে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ০৩ শতাংশ। আগের দিন বুধবার ছিল ১৬ দশমিক ৮১ শতাংশ।








