শিক্ষক সমিতির চলমান কর্মবিরতির মধ্যেই শীতকালীন ছুটি শেষে শনিবার খুলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এরই মধ্যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরেছেন। তবে অষ্টম পে-স্কেলের অসঙ্গতি নিরসনের দাবিতে শিক্ষক সমিতি ১১ জানুয়ারি থেকে এই কর্মবিরতি পালন করছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী রাজশাহীতেও এই কর্মবিরতি চলছে। শীতকালীন ছুটি থাকায় এতদিন ক্লাস বন্ধ ছিল। তবে এরমধ্যে কোনও বিভাগের পরীক্ষা নেওয়া হয়নি। ক্যাস্পাস খুললেও একই কর্মসূচি পালন করা হবে। দাবি মানা না হলে রবিবার থেকে কর্মবিরতির সঙ্গে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
তিনি আরও বলেন, শিক্ষকদের আন্দোলনকে অবহেলা করা হচ্ছে। যাতে করে আগামীতে দেশের ক্রান্তিলগ্নে শিক্ষক সমাজ কোনও আন্দোলনে ভূমিকা রাখতে না পারে। অথচ শিক্ষকরাই একসময় স্বৈরাচার বিরোধীসহ বিভিন্ন আন্দোলনে নেমে সফল হয়েছেন। এই আন্দোলনেও শিক্ষক সমাজ পিছু হটবে না।
এদিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষকরাও কর্মবিরতি পালন করছে।
/এআর/








