বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে নাব্য সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে গত ১৭ দিন সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌপথে সি-ট্রাক সার্ভিস বন্ধ রয়েছে। গত ২০ সেপ্টেম্বর মাঝনদীতে এটি বিকল হয়ে যায়। এতে ওই রুটে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় সূত্র জানায়, বগুড়া থেকে রাজধানীমুখী বিভিন্ন এলাকায় স্বল্প সময়ে ও যানজটমুক্ত যাতায়াতের সুবিধার্থে যমুনা নদীতে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ গ্রহণ করা হয়। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গত ১২ আগস্ট সারিয়াকান্দির কালিতলা ঘাট থেকে জামথল ঘাট পর্যন্ত সি-ট্রাক শহীদ আব্দুর রব সেনিয়াবাতের উদ্বোধন করেন। উদ্বোধনের চার দিনের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে এটির চলাচল বন্ধ হয়ে যায়। মেরামতের পর সি-ট্রাকটি গত কয়েকদিন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল। গত ১৭ সেপ্টেম্বর জামালপুরের মাদারগঞ্জের কাছে সারিয়াকান্দির জামথল ঘাট থেকে এটি কালিতলা ঘাটের উদ্দেশে রওনা হয়। মাঝনদীতে ইঞ্জিন বিকল হয়ে গেলে যাত্রীরা আটকা পড়েন। যাত্রীদের নৌকার মাধ্যমে নদী তীরে পৌঁছে দেওয়া হয়। দু’দিন পর উদ্ধারকারী ফেরির মাধ্যমে সি-ট্রাকটিকে পূর্ব পাড়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাহিদুর রহমান উজ্জ্বল জানান, তিনি মাসিক ৫০ হাজার টাকায় সি-ট্রাকটি ইজারা নিয়েছেন। যান্ত্রিক ত্রুটি ও যমুনা নদীতে নাব্য সংকটের কারণে গত ১৭ দিন ধরে সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। ইজারা নেওয়ার পর থেকে প্রতিদিন গড়ে পাঁচ হাজার টাকা করে লোকসান গুনতে হচ্ছে।
উজ্জ্বল আরও জানান, ইঞ্জিন মেরামত করা সম্ভব হলেও নাব্য সংকটের কারণে সি-ট্রাক চলাচল আপাতত বন্ধ রাখতে হচ্ছে। এতে ওই রুটে চলাচলকারী জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের ঝুঁকি নিয়ে নৌকায় ১৬-১৮ কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে।









