পাবনা-ঈশ্বরদী সড়কের ভবানীপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (৬ নভেম্বর) রাতের এ দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হন। নিহত (৬৫) ব্যক্তির নাম ঠিকানা পাওয়া না গেলেও গুরুতর আহত হয়েছেন ঈশ্বরদী উপজেলার ভাড়ইমারী এলাকার নবীর উদ্দিনের ছেলে মো. আইনুল হক।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা গার্মেন্ট পণ্য নিয়ে ঈশ্বরদীতে আসছিলো। পথে ভবানীপুর এলাকায় চালক তার গাড়ির নিয়ন্ত্রণ হারান। পরে অটোরিকশাটি পথচারী এক বৃদ্ধকে চাপা দেয়। এ সময় গাড়িতে থাকা একমাত্র যাত্রী আইনুল হক এবং অজ্ঞাত পথচারী বৃদ্ধ মারাত্মকভাবে আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কালিকাপুর বাজারে প্রাথমিক চিকিৎসা দেন। পরে আহতদের অবস্থার অবনতি হলে ঈশ্বরদী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। পরে আহতদের মধ্যে আইনুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। তবে অজ্ঞাত বৃদ্ধের কোনও স্বজনের খোঁজ না পাওয়ায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। পরে সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুর তথ্য নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক ডা. শফিকুল ইসলাম শামীম।
দুর্ঘটনায় কবলিত অটোরিকশাটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। কিন্তু চালক পালিয়েছেন বলে জানিয়েছে পাকশী হাইওয়ে পুলিশ।









