পুলিশ বাহিনীতে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ২০১৬ সালের জন্য বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) পাচ্ছেন নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক।
সোমবার দুপুরে নওগাঁ জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিউনিটি পুলিশিং-এর মাঠ পর্যায়ের কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক বিরোধী অভিযানে সফল নেতৃত্ব দেওয়ার জন্য নওগাঁর এসপিকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেলের জন্য নির্বাচিত করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত পুলিশ সপ্তাহ-২০১৬ উপলক্ষে অনুষ্ঠিত বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠানে তার হাতে এই পদক তুলে দেবেন।
ইতোপূর্বে মোজাম্মেল হক পুলিশ বাহিনীতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য আইজিপি পদক, বাংলাদেশ প্রেসিডেন্ট মেডেল (পিপিএম) ও তথ্য প্রযুক্তিতে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশের একমাত্র পুলিশ সুপার হিসেবে ডিজিটাল অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন।
/টিএন/আপ: এইচকে/







