বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা হাটে রাজু ট্রেডার্স নামে এক বালাইনাশক ডিলারের গুদামে অবৈধভাবে মজুত করা ৪২০ বস্তা (২১ মেট্রিক টন) ইউরিয়া সার উদ্ধার করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান রবিবার বিকালে এ অভিযান চালান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সারগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অবৈধভাবে সার মজুতকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।
এনএসআই বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, অধিক মুনাফার আশায় গাবতলীর নাড়ুয়ামালা হাটে বালাইনাশক ডিলার জিন্না খাঁন ও রিয়াদের মালিকানাধীন মেসার্স রাজু ট্রেডার্সের গুদামে ২১ মেট্রিক টন ইউরিয়া সার মজুত করা হয়েছে। গোপনে খবর পেয়ে বিষয়টি গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহানকে জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই গুদামে অভিযান চালিয়ে প্রায় তিন লাখ ৩৬ হাজার টাকার ২১ মেট্রিক টন সার জব্দ করেন। পরে সারগুলো গাবতলী থানা পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।
গাবতলী উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান বলেন, তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে মেসার্স রাজু ট্রেডার্সের মালিক দাবি করেছেন সারগুলো আদমদীঘি উপজেলার ডিলার সন্তোষ কুমার আগরওয়ালের নামে উত্তোলন করা হয়েছে। তারা সারগুলো কিনে নিয়েছেন। তবে এই দাবির পক্ষে তারা কোনও কাগজপত্র দেখাতে পারেননি। সারের মালিকানার বিষয়ে তদন্ত চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে অবৈধভাবে সার মজুতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









