জয়পুরহাটের তেতুলতলীতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দুই মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত দুই শিক্ষক হলেন-সদর উপজেলার বুজরুক ভারুনিয়া দাখিল মাদ্রাসার কারি শিক্ষক রেজাউল করিম (৫৫) ও ইবতেদায়ী মওলানা তহিদুল ইসলাম।
মামলার বিবরণে জানা গেছে, গত ২৩ আগস্ট জয়পুরহাট সদর থানার দোগাছী ইউনিয়নের তেতুলতলী এলাকার বুজরুক ভারুনিয়া দাখিল মাদ্রাসায় প্রতিদিনের মতো ওই ছাত্রী ক্লাস করতে যায়। ক্লাসের সময় শিক্ষক রেজাউল করিম অন্য ছাত্রছাত্রীদের চোখ ফাঁকি দিয়ে ওই ছাত্রীকে যৌন হয়রানি করে। পরে ইবতেদায়ী মওলানা তহিদুল ইসলামও তার সঙ্গে একই ঘটনা ঘটায়। এরপর ওই ছাত্রী বাড়ি এসে তার মাকে বিষয়টি খুলে বলে। এদিকে অভিযোগ পেয়ে পুলিশ বৃহস্পতিবার দুপুরে দুইজ নকে আটক করে থানায় নিয়ে আসে। পরে থানায় মামলা হলে তাদের গ্রেফতার দেখিয়ে বিকালে আদালতে পাঠানো হয়।









