সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার। এ বিষয়ে তিনি বলেন, ‘জেলার রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে নবাগত পুলিশ সুপারের সঙ্গে আমাদের মতবিনিময় হয়েছে। সভায় পুলিশ সুপার বলেছেন, “একটি মহল দেশের সুনাম নষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে। জেলার রাজনীতির অবস্থা খুব একটা ভালো নয়, আপনারা ক্ষমতাসীন দলের নেতাকর্মী। পাড়া-মহল্লা, গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরের কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখবেন আপনারা”। এছাড়া অপরাধ দমনে পুলিশকে সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে।’
সভার ব্যাপারে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মতবিনিময় সভায় পুলিশ সুপার মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে আমাদের সহযোগিতা চেয়েছেন। এর বাইরে কোনও আলোচনা হয়নি।’
সভার বিষয়ে জানতে জেলা পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডলকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।
এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী বলেন, ‘আমি জেলার বাইরে ছিলাম। এজন্য সভায় উপস্থিত থাকতে পারিনি। জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এসপি স্যার মতবিনিময় সভা করেছেন। সভায় মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন এসপি স্যার। পাশাপাশি জেলার সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।’
সুশীল সমাজ, সাংবাদিক ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ছাড়া শুধু ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে কেন মতবিনিময় সভা করা হলো জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘বিষয়টি এসপি স্যার জানেন।’








