বগুড়ার সারিয়াকান্দিতে ‘প্রেমিকার’ ১৫ দিন পর প্রাণ দিয়েছেন অষ্টম শ্রেণির ছাত্র আবিদ হাসান (১৪)। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকালে সে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
পুলিশ ও স্বজনরা জানান, ওই ছাত্র সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা পশ্চিমপাড়া গ্রামের আবদুল বারিকের ছেলে। সে স্থানীয় জোড়গাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সোমবার সন্ধ্যার দিকে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট সেবন করে। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। মৃত্যুর আগে আবিদ তার ফেসবুক আইডিতে লেখে, ‘মৃত্যু আমার কী করবে? আমি নিজেই মৃত্যুকে ডেকে আনবো’।
তার চাচি বীণা জানান, গত ২৬ সেপ্টেম্বর তার ‘প্রেমিকা’ মোহনা আক্তার (১৪) একইভাবে আত্মহত্যা করে।
জোড়গাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল বারী সাংবাদিকদের জানান, জোড়গাছা মধ্যপাড়ার জোনাব আলীর মেয়ে মোহনা আক্তারের সহপাঠী ছিল আবিদ। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ১৫ দিন আগে মোহনা গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। গতকাল বিকালে আবিদ বাড়িতে গ্যাস ট্যাবলেট সেবন করলে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার বিকালে মারা যায়।
সারিয়াকান্দি থানার ওসি রাজেশ চক্রবর্তী বলেন, দুই সহপাঠীর আত্মহত্যার বিষয়টি শুনেছি। আবিদ হাসান বগুড়া শজিমেক হাসপাতালে মারা যাওয়ায় সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।









