নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জ মোড় এলাকায় আয়োজন করা হয় স্থানীয় যুবদল নেতার ছেলের জন্মদিন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। রবিবার (২৩ অক্টোবর) সন্ধ্যার পর থেকে রাত ৯টা অবধি ওই ঘটনা ঘটে। সদর থানার ওসি নাছিম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই গ্রামের অধিবাসী শহিদুল ইসলাম ও স্থানীয়রা জানান, ওয়ার্ড যুবদল নেতা শাহিনের পাঁচ বছর বয়সী ছেলের জন্মদিনে চার-পাঁচশ’ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিমন্ত্রণ করা হয়। এ উপলক্ষে স্টেজ ও খাবার পরিবেশনের জায়গাও করা হয়। হঠাৎ সন্ধ্যার পর স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে অনুষ্ঠানে বাধা দেন। এক পর্যায়ে তাদেরকে মারপিট করে বিএনপি নেতাকর্মীরা। পরে তারা আরও লোকজনসহ ঘটনাস্থলে পৌঁছে ওই বাড়ি ও স্টেজ ভাঙচুর করেন। এসময় উভয়পক্ষে সংঘর্ষ শুরু হলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ দাবি করেন, বিভাগীয় সম্মেলন ও যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল করতে শুভেচ্ছা বিনিময় ও দাওয়াত খেতে যান বিএনপি নেতাকর্মীরা। এ সময় হামলায় তাদের নেতাকর্মীরা আহত হন। পাঁচটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয় বলে দাবি করেন তিনি। তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম বলেন, ওই ঘটনায় তাদের চার জন আহত হয়েছেন।
সদর হাসপাতালের সহকারী পরিচালক পরিতেষ কুমার জানান, সংঘর্ষে আহত পাঁচ জনকে তারা চিকিৎসা দিয়েছেন। তারা চিকিৎসা বাড়ি ফিরেছেন।
সদর থানার ওসি নাছিম আহম্মেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।








