রাজশাহীর পবা উপজেলায় বালুভর্তি ডাম্প ট্রাকের নিচে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পবা উপজেলার মদনহাটি এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে শনিবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন বাগমারা উপজেলার চান্দের আড়া গ্রামের রঘুনাথের ছেলে রমেশ (৪৫) এবং একই উপজেলার লাউপাড়া গ্রামের পরেশ মোল্লার ছেলে আলাল (৪৫)। রমেশ গরুর খাবারের ব্যবসা করতেন। আলাল একটি এনজিও চালাতেন।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, রাজশাহী শহর থেকে বাগামারা উপজেলায় বাড়ি যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। একজনের মাথায় হেলমেট ছিল। তবে দুইজনের মাথাই চাকার নিচে পড়ে থেঁতলে গেছে। মোটরসাইকেল আরোহীরা ডাম্প ট্রাকটিকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল থেকে রাস্তার ওপর ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গে ট্রাকটি তাদের দুইজনের মাথার ওপর দিয়ে চলে যায়। ট্রাকটিকে আটক করা যায়নি।
পবা থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. মোবারক পারভেজ বলেন, নিহত দুজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হবে। লাশ উদ্ধারে সহযোগিতা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।









