স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন, তাই করেন। তিনি বলেছিলেন, দেশকে ডিজিটাল করবেন, ডিজিটাল করেছেন। এখন তিনি বলছেন, ২০৪১ সালে মধ্যে ডিজিটাল দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন। সে জন্য দেশ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর করতে হবে। আমি বিশ্বাস করি, ২০৪১ সালের আগে আমরা স্মার্ট বাংলাদেশে পৌঁছে যাবো। কারণ বর্তমান প্রজন্ম অনেক মেধাবী।’
বুধবার (২১ ডিসেম্বর) বিকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারি কলেজ মাঠে জেলা পুলিশ আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আজকে পুঠিয়ার বানেশ্বর সরকারি কলেজ মাঠের এই বিশাল সমাবেশে হাজার হাজার মানুষের ঢল বলে দেয় এটা হয়ে যাবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ অনেকটাই দূর করেছি, এখন মাদক দূর করতে হবে।’
তিনি বলেন, ‘হেরোইন, ইয়াবা যে পরিবারের সদস্য সেবন করেছে সে পরিবার ধ্বংস হয়ে গেছে। ছেলে-মেয়ে কী করছে সে খোঁজ খবর যদি বাবা-মা না রাখে তা হলে মাদক নির্মূল করা সম্ভব না। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’
পুলিশ মানবতার কর্মী হিসেবে আত্মপ্রকাশ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘করোনাকালে হাসপাতালে যেখানে ছেলে, মেয়ে বাবা-মাকে রেখে পালিয়ে গেছে, তখন পুলিশ গিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলেও পুলিশ বাহিনী অগ্রণী ভূমিকা পালন করছে।’ এ সময় তিনি সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ নির্মূলে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন।
রাজশাহী রেঞ্জের জিআইজি মো. আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, সংসদ সদস্য অধ্যাপক ডা. মনসুর রহমান, বাংলাদেশ পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ্ আল-মামুন, সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা প্রমুখ বক্তব্য দেন।









