সোলার সিস্টেম এবং স্থাপনা বিষয়ে বুয়েট -বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করানো ছাড়া বগুড়ার সান্তাহারে দেশের প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত বহুতল খাদ্য গুদাম বুঝে না নিতে প্রকল্প পরিচালকসহ খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
উত্তরাঞ্চল সফরের প্রথম দিন বুধবার বিকালে বগুড়ার সান্তাহারের গম সংরক্ষণাগার (সাইলো) এবং নির্মাণাধীন ওই খাদ্য গুদাম পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
তিনি জানান, জাইকার আর্থিক সহায়তায় প্রায় পৌনে তিনশ’ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের এ খাদ্য গুদামের মূল কাজ প্রায় শেষ। এখন সংযোগ সড়ক ও রেললাইন স্থাপন এবং স্টাফ কোয়াটার নির্মাণ হলেই এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
নির্মাণাধীন এ খাদ্য গুদামের ধারণ ক্ষমতা নিয়ে দ্বি-মতের বিষয়টি তিনি নাকচ করে দিয়ে বলেন, জাইকা কখনো ফাঁকিবাজি কাজ করে না।
পরিদর্শনকালে বহুতল খাদ্য গুদাম নির্মাণ প্রকল্পের পরিচালক গোলাম মোস্তফা, পরিদর্শন, উন্নয়ন ও কারিগরি বিভাগের অতিরিক্ত পরিচালক শেখ জাকির হোসেনসহ খাদ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/বিটি/এইচকে/








