রাজশাহী মহানগরীতে পুকুরে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালাতো ভাই। মঙ্গলবার (৩০ মে) দুপুরে নগরীর হেতেমখাঁ কবরস্থান পুকুরে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো- হেতেমখাঁ ছোট মসজিদ এলাকার গোবিন্দের ছেলে অনন্ত (৭) ও একই এলাকার নিরেনের ছেলে নির্ঝর (৭)। তারা দুইজনই আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
আরএমপির বোয়ালিয়া থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম জানান, দুই শিক্ষার্থী স্কুল শেষে বাড়ি ফিরে এসে গোসল করতে পুকুরে যায়। সাঁতার না জানার কারণে পুকুরে তলিয়ে গিয়ে মৃত্যু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, দুই শিশুর মৃত্যুর ঘটনা থানায় অপমৃত্যুর মামলা করা হবে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।








