বগুড়ার শাহ্ সুলতান কলেজে ভর্তি-বাণিজ্য, ছাত্রলীগ কর্মীসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
২১ আগস্ট ২০২৩, ০৫:৩৪আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৫:৪২

বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজে অফলাইনে উচ্চমাধ্যমিকে ভর্তির নামে ২৫ ছাত্রছাত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগে এক ‘ছাত্রলীগ’ কর্মীসহ চারজনের নাম উল্লেখ করে ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বগুড়ার শাজাহানপুরের শ্মশানকান্দির বাসিন্দা ও প্রতারণার শিকার রাশাদুল ইসলাম শনিবার রাতে থানায় এ মামলা করেন। ওই দিন বিকালে র‌্যাব ও পুলিশের সদস্যরা কলেজ চত্বর থেকে তিন অফিস সহায়ককে আটক করেন।

তদন্তকারী কর্মকর্তা শাজাহানপুর থানার এসআই হাসান জানান, মামলার পর গ্রেফতার তিনজনকে রবিবার আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। কলেজ প্রশাসন তাদের বরখাস্তের ব্যাপারে বিকাল পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি।

গ্রেফতার তিন প্রতারক হলেন কলেজের অফিস সহায়ক বগুড়া সদরের সাবগ্রাম এলাকার জালাল উদ্দিন মন্ডলের ছেলে আমিনুর রহমান, হরিগাড়ী ইসলামপুরের ইয়াকুব আলীর ছেলে আবদুল হান্নান ও শাজাহানপুরের লতিফপুর কলোনীর আবুল হোসেনের ছেলে হারুনার রশিদ। পলাতক আসামি কাওছার আলী বগুড়ার শাজাহানপুর উপজেলার ওমরদীঘি চন্দ্রহাটা গ্রামে ইদ্রিস আলীর ছেলে। তিনি সরকারি শাহ্ সুলতান কলেজের সাবেক শিক্ষার্থী। প্রতারণার শিকার শিক্ষার্থীদের কাছে নিজেকে ছাত্রলীগ কর্মী ও অফিস স্টাফ পরিচয় দিতেন।

কলেজ ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান আতিক দাবি করেন, কাওছার আলী এখানে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়েছে। সে কখনও ছাত্রলীগের মিছিল-মিটিংয়ে অংশ নেয়নি। তার সঙ্গে ছাত্রলীগের কোনও সম্পর্ক নেই; সে একজন প্রতারক।

তিনি আরও বলেন, অধ্যক্ষের অবহেলায় মানবিক বিভাগের নিয়মিত শিক্ষার্থী আঁখি মনির ফরম পূরণ হয়নি। ফলে ওই ছাত্রী এবার পরীক্ষা দিতে পারেনি।

এজাহার সূত্র, পুলিশ ও প্রতারণার শিকার শিক্ষার্থীরা জানান, আসামি কলেজের অফিস সহায়ক হারুনার রশিদ ও অন্যরা অফলাইনে ভর্তির নামে প্রতিজনের কাছে ৮০ হাজার টাকা পর্যন্ত আদায় করেন। মামলার বাদী রাশাদুল ইসলামের কাছে ৫০ হাজার টাকা ও মার্কশিট নেন। এ ছাড়া তার সহায়তায় অন্য আসামিরা হাবিবা আক্তার, সাব্বির হোসেনসহ অন্তত ২৫ জনের ১৫ হাজার থেকে ৮০ হাজার টাকা নেন। তাদের কাছে মার্কশিট, রেজিস্ট্রেশন ও প্রশংসাপত্র নেওয়া হয়। এরপর সবাইকে ভর্তির রশিদ ও রোল নম্বর দেয়। সবাই নিয়মিত ছাত্রছাত্রীর মতো কলেজ পোশাক পরে ক্লাস ও পরীক্ষায় অংশ নেয়। চলতি এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য প্রত্যেকের কাছে পাঁচ হাজার টাকা আদায় করা হয়। ১৭ আগস্ট পরীক্ষার আগে শিক্ষার্থীরা আসামিদের কাছে প্রবেশপত্র চাইলে তারা নানা অজুহাত দেখান।

পরীক্ষার দিন কলেজে গিয়ে সবাই জানতে পারেন, তারা সরকারি শাহ্ সুলতান কলেজের শিক্ষার্থী নয়। তাদের ভর্তি করা হয়নি; রোল নম্বরগুলো ভুয়া। এদিকে পরীক্ষা দিতে ব্যর্থ শিক্ষার্থীদের কথা জানাজানি হলে তোলপাড় শুরু হয়। কলেজ অধ্যক্ষ অধ্যাপক শহিদুল আলম ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল জলিলের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করেন। এ ছাড়া শিক্ষামন্ত্রীর নির্দেশে রাজশাহী শিক্ষা বোর্ড চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

গত শনিবার বোর্ডের সচিব হুমায়ুন কবিরের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা এসে প্রতারণার শিকার শিক্ষার্থী ও কলেজ প্রশাসনের সাথে কথা বলেন। বিকালে র‌্যাব সদস্যরা কলেজে এসে অফিস সহায়ক হারুনার রশিদ ও আমিনুর রহমানকে এবং শাজাহানপুর থানা পুলিশ আবদুল হান্নানকে আটক করেন। রাতে শাজাহানপুর থানায় মামলা হলে পুলিশ আটক তিনজনকে গ্রেফতার দেখায়। রবিবার দুপুরে তাদের বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, কাওছার নামে একজন পলাতক রয়েছে। সে ছাড়াও অজ্ঞাত আরও পাঁচ আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজের অধ্যক্ষ অধ্যাপক শহিদুল আলম জানান, প্রতারণার শিকার এসব শিক্ষার্থীর ব্যাপারে তার কোনও অবহেলা নেই। এরা অনলাইনে ভর্তি হতে না পেরে প্রতারকদের খপ্পরে পড়ে অফলাইনে ভর্তি হওয়ার চেষ্টা করেছিল। শিক্ষা বোর্ডের তদন্ত শেষ হয়েছে। তার তদন্ত কমিটি রিপোর্ট দিলে তা মাউশিকে জানানোর হবে। এরপর অভিযুক্ত ও গ্রেফতার তিন অফিস সহায়ককে বরখাস্তের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

/এনএআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী