সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে হাসু নামে দু’বছরের এক শিশুর হাতের একটি আঙুল উড়ে গেছে এবং আরও দুটি আঙুল ঝলসে গেছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে পৌর এলাকার শক্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিশু হাসু শাহজাদপুরের মনির হোসেনের ছেলে।

শাহজাদপুর থানা পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, হাসুকে নিয়ে তার মা কণা খাতুন শক্তিপুর এলাকায় ফিলিং স্টেশনের পাশে একটি পুকুরের ধারে ঘাস কাটছিলেন। হঠাৎ কালো টেপ দিয়ে প্যাঁচানো একটি কৌটা পেয়ে কণা খাতুন সেটা দিয়ে খেলার জন্য তার একমাত্র ছেলে হাসুর হাতে দেয়। এরপরই এটি বিস্ফোরণ ঘটলে শিশুটি আহত হয়। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মাহমুদা খাতুন জানান, শিশুটির ডান হাতের বৃদ্ধাঙুলটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এছাড়াও তালুর মাংসসহ দুটি আঙুলের মাংস ঝলসে গেছে। পুরুষাঙ্গও সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বেলা ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
/জেবি/টিএন/








